দখিনের সময় ডেস্ক
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বর এবং পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যেসব পরীক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে, তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৫ এবং ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে তবে তারা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা ৪র্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।
২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে সে সব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবল এক বছরের জন্য নবায়ন করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫-এর কম পেয়েছে, এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ (২০২৬) সালের সিলেবাসে পরীক্ষায় অংশ নিতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় পাওয়া ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে আগের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যয়িত ফটোকপি প্রিন্ট কপির সঙ্গে জমা দিতে হবে।