স্টাফ রিপোর্টার:
দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা, স্মারকলিপি ও ধারাবাহিক প্রচেষ্টার পর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক চিঠিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
মাউশির এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর দাবিতে আন্দোলন করে আসা অভিভাবকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১০৬.৯৯.০০৩.২৪.২১১৪-এ বলা হয়েছে, তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশসহ প্রতিবেদন গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধিদপ্তরে দাখিল করেন। শিক্ষার্থীদের দাবি, জনপ্রতিনিধিদের সুচিন্তিত মতামত এবং অভিভাবকদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে পূর্বের ন্যায় প্রাথমিক শাখা (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন বন্ধ হয়েছিল তৃতীয় শ্রেণিতে ভর্তি
অভিভাবকদের দেওয়া স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির পরিবর্তে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অভিভাবকদের অভিযোগ, সরকারের সুস্পষ্ট কোনো লিখিত আদেশ ছাড়াই তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করেন। এরপর থেকেই ভর্তি পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ ও আবেদন-নিবেদন শুরু করেন অভিভাবকদের একটি অংশ।
এর ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। এতে তৃতীয় শ্রেণিতে ভর্তি চালুর পাশাপাশি ভর্তি কার্যক্রম বন্ধের প্রশাসনিক ও আইনগত ভিত্তি অনুসন্ধান, সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রশাসনিক পর্যালোচনার পর ইতিবাচক সিদ্ধান্ত
অভিভাবকদের আবেদনের পর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনা করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবেদন পাঠানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট তথ্য ও কাগজপত্রসহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
অভিভাবকেরা জানান, এ প্রক্রিয়ায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সহকারী সিনিয়র কমিশনার (রাজস্ব), জেলা শিক্ষা কর্মকর্তা, সচেতন অভিভাবক ও সাংবাদিকেরা সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আন্দোলনে যুক্ত অভিভাবকেরা।
আনন্দ প্রকাশ অভিভাবকদের
মাউশির নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিভাবকেরা।
অভিভাবক জিনাত আরা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!! এ বিজয় আমাদের, এ বিজয় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ানদের।”
তিনি জানান, প্রায় তিন মাসের দৌড়ঝাঁপ ও নিরলস প্রচেষ্টার পর তাঁরা তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত পেয়েছেন। এ উদ্যোগে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অন্যদিকে অভিভাবক বেলায়েত হোসেনও ফেসবুক পোস্টে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগে ভূমিকা রাখায় সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুধু ভর্তি নয়, পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালুর দাবি
তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরলেও অভিভাবকদের প্রত্যাশা আরও বিস্তৃত। তাঁদের দাবি, শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি চালু করলেই হবে না; তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরো শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে অভিভাবকেরা উল্লেখ করেন, গত বছর প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পেয়েছে। এমন ফলাফলের পরও প্রাথমিক শাখার ভর্তি বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
এ ছাড়া স্মারকলিপিতে কয়েকজন শিক্ষকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অধ্যক্ষের সঙ্গে অসহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগ তুলে শিক্ষা পরিবেশ ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকেরা। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত সংকট নিরসন এবং প্রয়োজনে পৃথক ভবন নির্মাণের দাবিও জানান তাঁরা।
আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার অভিযোগ
এদিকে মাউশির নির্দেশনা বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারী অভিভাবকদের একটি অংশ। তাঁদের অভিযোগ, ২৬ নভেম্বর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও প্রভাষক মাসুম বিল্লাহ ঢাকায় গিয়ে প্রক্রিয়াধীন আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছেন।
অভিভাবকদের দাবি, স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা, জনপ্রতিনিধিদের সুপারিশ এবং জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের পর্যালোচনা কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত এসেছে। তাই এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধ