1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে হচ্ছে ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকায় চাপ কমানোর উদ্যোগ

dokhinersomoy
November 27, 2026 7:14 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট :
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন এই জনবসতি গড়ে তোলার মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করতে চায় সরকার। প্রাথমিকভাবে কেরানীগঞ্জের কলাতিয়া, তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকাকে প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উদ্যোগে নেওয়া এ পরিকল্পনায় আবাসনের পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা ভাবা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কেন্দ্রীয় এলাকার আবাসনচাপ কমার পাশাপাশি ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণ রোধেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
প্রকল্পের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশসড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগব্যবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতি হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এর বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট কতটি আবাসন তৈরি হবে, নির্মাণব্যয় কত হবে এবং কখন বাস্তবায়ন শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।