1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকের সহযোগিতায় সেইফগার্ডিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের সূচনা

dokhinersomoy
September 17, 2026 2:52 pm
Link Copied!

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, হয়রানি ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে ‘সেইফগার্ডিং’ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ কার্যক্রমের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘শিখা’ প্রকল্পের আওতায় ব্র্যাক আগামী দুই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, র‌্যাগিং, যৌন হয়রানি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সঠিক সংজ্ঞা ও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে কেউ অযথা হয়রানি বা ভুল বিচারের শিকার না হন।

উপাচার্য বলেন, একটি সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবার জন্যই গুরুত্বপূর্ণ। ইতিবাচক পরিবেশ কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দুই বছর ব্র্যাকের সঙ্গে পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ড. রেহানা পারভীন, সদস্য-সচিব হোসেনেয়ারা ডালিয়া এবং সদস্য ড. সরদার কায়সার আহমেদ।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগের পরিচালক আ ফ ম সাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, ইশতিয়াক জাহান শোয়েফ, আব্দুল্লাহ আল মামুন এবং রাশেদ-উজ-জামান ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

দুই বছর মেয়াদি এ কার্যপরিকল্পনার আওতায় ক্যাম্পাসে বুলিং, যৌন হয়রানি, র‌্যাগিং এবং কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধে একাধিক ধাপভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।

এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেইফগার্ডিং নীতিমালার ওপর প্রশিক্ষণ সেশন, শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যদের জন্য সচেতনতামূলক ওরিয়েন্টেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বুলিং প্রতিরোধ বিষয়ে শর্টফিল্ম প্রতিযোগিতা ও উৎসব আয়োজন করা হবে।

আয়োজকদের মতে, এ যৌথ উদ্যোগ বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, ভীতিহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।