• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিক লীগ নেতার

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ১৯:৪০ অপরাহ্ণ
চরফ্যাশনে সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিক লীগ নেতার
দখিনের সময় ডেস্ক:
ভোলার চরফ্যাশন উপজেলায় সাইফুল ইসলাম নামে এক সাংবাদিককে প্রকাশ্যে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌরসভা শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। সাইফুল ইসলাম চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডের সাংবাদিক সাইফুল ইসলামের বসতবাড়ি-সংলগ্ন মসজিদের সামনে এ হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত শ্রমিক লীগ নেতার স্ত্রী হাফছা খানম চরফ্যাশন উপজেলার ৩৯নং হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। চলতি বছরের ২০ জানুয়ারি তার স্ত্রীর তাদের তিন বছর বয়সী কন্যা শিশুকে শ্রেণিকক্ষের শিক্ষকের টেবিলের ওপর হাতে বেত দিয়ে বসিয়ে পাঠদান করোনোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর এতেই ক্ষিপ্ত হন ওই শ্রমিক লীগ নেতা।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা সবুজ হুমকির বিষয় অস্বীকার করে জানান, তাদের সঙ্গে আমার কোন বিরোধ নাই। তাকে হুমকি কেন দিবো। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, হুমকির ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম একটি সাধারন ডায়েরী করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।