দখিনের সময় ডেস্ক।।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকের মধ্যে পরিচিতি পান অভিনেতা সাইদুর রহমান পাভেল। সম্প্রতি তাকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পাভেলের ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ার গুঞ্জন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন কাজল আরেফিন অমি। তালিকায় ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি।
এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করছেন, সম্প্রতি ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের কারণেই হয়তো ধারাবাহিকটি থেকে পাভেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান তুলে ধরেছিলেন সাইদুর রহমান পাভেল। তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারীর সঙ্গে তার কেবল বন্ধুত্বের সম্পর্ক রয়েছে; এর বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।