নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর অর্থায়নে নির্মিত একটি একটি কাঠের পুল ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে কাঠের পুলটি উদ্বোধনের পর থেকেই এনিয়ে আলোচনা শুরু হয়। পুলের নির্মান ব্যয়ের চেয়ে সাজসজ্জা, নেতাদের উপস্থিতি এবং প্রচারনা দেখে অনেকেই এটাকে অতিরিক্ত বলে অভিহিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার জালাল খলিফার বাড়ির পাশে খালের ওপর প্রায় ২০-২৫ হাজার টাকা ব্যয়ে একটি কাঠের পুল নির্মান করেন প্রবাসী বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বুলবুল। শুক্রবার জুমার নামাজের আগে দোয়া-মোনাজাত ও ফিতা কেটে পুলটি উদ্বোধন করেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাফর ইকবাল, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাস বুলবুল, আরেক সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ স্থানীয়রা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।