• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়সালা হবে রাজপথে: মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ১৮:৩৬ অপরাহ্ণ
ফয়সালা হবে রাজপথে: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:

সরকার পরিবর্তনের ফয়সালা রাজপথেই হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় বলছে অনেক উন্নয়ন করে ফেলেছি। কিন্তু মূল জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক স্বাধীনতা ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করতে হলে খালেদা জিয়ার মুক্তি এবং আন্দোলনের কোনো বিকল্প নেই। রাজপথেই এর ফয়সালা হবে।  বিএনপি মহাসচিব বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি বিতাড়িত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি। এই লড়াই এখন বেগবান হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। এই লড়াই অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণআন্দোলনে পরিণত হবে।

সভায় বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি করে ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মুক্তি চাই কারণ তিনি একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নয় বছর আপসহীন সংগ্রাম করেছেন। উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হননি, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন। বিএনপির এই নেতা বলেন, এখন যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে বিরোধীদল বলতে কিছু নেই। রাজনৈতিক নেতা ও আওয়ামী লীগের নেতারা বলেন, তাদের কোনো মূল্যই নেই। একজন ওসি সরাসরি বলে আপনারা কে? আপনাদের তো আমরাই বানিয়েছি। অর্থাৎ রাজনীতিটা পুরোপুরি সরিয়ে একটা আমলাতান্ত্রিক বা সামরিক আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।