• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৪৮ অপরাহ্ণ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন দেশের বিভিন্ন নারী নেতা ও অধিকারকর্মী। এ দাবি করা হয়েছে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন তারা। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, এটি সংবিধান স্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে জামায়াত আমির তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে যে মন্তব্য করেছেন, তা কুরুচিপূর্ণ, অবমাননাকর এবং গভীরভাবে নারীবিদ্বেষী। এসব মন্তব্য দেশের নারী শ্রমিকদের মর্যাদা, সামাজিক অবদান ও শ্রমের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
আবেদনকারীরা আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে এই মন্তব্য ‘হ্যাকিং’-এর ফল বলে দাবি করা হলেও, ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে হ্যাকিংয়ের দাবি সন্দেহজনকই থেকে যাচ্ছে। এ ধরনের বক্তব্য নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয় এবং কর্মপরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।