• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাকে নিরাপদ নগরীর আশ্বাস তারেক রহমানের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
ঢাকাকে নিরাপদ নগরীর আশ্বাস তারেক রহমানের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানী ঢাকাকে একটি নিরাপদ শহরে রূপান্তর করা হবে—এমন অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান নিজের সঙ্গে এলাকার আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, তিনি এই এলাকাতেই বড় হয়েছেন এবং তাঁর পরিবারের স্মৃতিও এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে। সে কারণেই তিনি এলাকার মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভা হওয়ায় মানুষের চলাচলের কথা বিবেচনায় রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকায় নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে নারীসহ সব শ্রেণির মানুষ নির্ভয়ে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করতে পারে। পাশাপাশি তিনি ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ এবং ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন।
বক্তব্যের শেষভাগে তারেক রহমান আবারও ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে ঢাকাকে একটি বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।