দীর্ঘ বিরতির পর সিরাজগঞ্জের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে রাজপথের পাশাপাশি ব্যালটের লড়াইয়ে চূড়ান্ত জবাব দিতে হবে ১২ ফেব্রুয়ারি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টার দিকে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় দুই দশক পর প্রিয় নেতাকে কাছে পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। জনসভা থেকে সিরাজগঞ্জ ও পাবনার সংসদীয় আসনগুলোর বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা ও জনগণের কাছে জবাবদিহির রাজনীতি একমাত্র বিএনপিরই রয়েছে। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলেই মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জের অর্থনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে নতুন করে জাগিয়ে তোলা হবে এবং তাঁতপণ্য আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ভোটের অধিকার যেন কোনোভাবেই নস্যাৎ না হয়, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সজাগ পাহারাদারের ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পরের এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।