• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের মতো পাশবিকতা দূর করতেই মৃত্যুদন্ড: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ১৮:৫৭ অপরাহ্ণ
ধর্ষণের মতো পাশবিকতা দূর করতেই মৃত্যুদন্ড: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের ক্ষেত্রে মানুষটা হয়তো পশু হয়ে যায়। এ পাশবিকতা তার ফলে আজ আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। ধর্ষণের মতো পাশবিকতা দূর করতেই মৃত্যুদন্ডের বিধান করা হয়েছে। আমরা এই আইনটা সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় পাস করে দিয়েছি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু সংসদের অধিবেশন নেই তাই আমরা এইটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।  যেকোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং সেটাকে দূর করা এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের দেশে অনেক ধরনের প্রাকৃতিক  ‍দুর্যোগ আসতে থাকবে। সেসব মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। সেভাবেই আমাদের সব পরিকল্পনা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছোট্ট একটা ভূ-খণ্ড, তাও আবার ব-দ্বীপ। প্লাবন ভূমি ৮০ শতাংশ। এই এলাকায় মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো ও সচেতনতা বৃদ্ধি করাই বড় কাজ। বন্যার সাথেই আমাদের বাস করতে হবে। তবে সেটার ক্ষতির মাত্রা যেন কম হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলাশয় নদী-নালা খাল-বিল নষ্ট না হয়। জমির লোভে, বাড়ি করতে গিয়ে যেন খাল-বিল জলাশয় ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।