কিশোরীকে ধর্ষণ-হত্যা: মূল আসামি নুরাসহ গ্রেফতার আরও ২
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
ছবি - সংগৃহীত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক কর্তৃক অপহরণের কয়েক ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।