নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এই গ্রেফতার দেখানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছিলেন সেলিম মণ্ডলসহ কয়েকজন শ্রমিক। আগুনে পুড়ে সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন।
প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে ধাপে ধাপে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক পাঁচটি মামলায় (বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াসিন হত্যা, পারভেজ হত্যা এবং সরকারি কাজে বাধা প্রদান) আদালত থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।
তবে গত বছরের নভেম্বরে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।