• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা দেয়া শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, পাবেন ৫০ লাখ মানুষ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ১৮:৫৩ অপরাহ্ণ
করোনার টিকা দেয়া শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, পাবেন ৫০ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। টিকার জন্য নিবন্ধন শুরু হবে ২৬শে জানুয়ারি থেকে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। আগে ২৫ লক্ষের কথা বলা হলেও এখন ৫০ লক্ষ মানুষকে প্রথম ডোজ দেয়া হবে।

টিকা আসার পর দুই দিন তা বেক্সিমকোর ওয়্যারহাউজে থাকবে। টঙ্গিতে বেক্সিমকোর দুইটি ওয়্যারহাউজ রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

প্রথমে যে ৫০ লক্ষ টিকা আসবে তার পুরোটাই দিয়ে দেয়া হবে। আট সপ্তাহ পর দ্বিতীয় চালান আসলে সেই ৫০ লক্ষও পুরো দিয়ে দেয়া হবে। উল্লেখ্য, ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছাবে।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের পর কোনো অসুবিধার দায় স্বাস্থ্য অধিদপ্তর বা সরকার নেবে না। তবে, টিকা গ্রহণের পর সামান্য জ্বর, মাথা ব্যথা, বমি ও টিকা দেয়ার স্থানে ব্যথা হতে পারে। এসব উপসর্গ শতকরা হিসেবে খুব কম মানুষেরই হতে পারে। এরপরও যদি কারও বড় ধরনের উপসর্গ দেখা দেয় সেজন্য টিকাদান কেন্দ্রে মোবাইল মেডিক্যাল টিম ও বেসিক মেডিসিন রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, নিরাপত্তার দায়িত্বে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। তবে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বলা হয়েছে অতিরিক্ত ভিড় না করে যাদের ভ্যাকসিনের জন্য নির্বাচিত করা হয়েছে, তারাই যাতে টিকা নিতে যান সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।