• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে দুই পক্ষের সংঘর্ষে আ. লীগের ‘কাউয়া’ নেতাসহ ১০ জন আহত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ণ
বাউফলে দুই পক্ষের সংঘর্ষে আ. লীগের ‘কাউয়া’ নেতাসহ ১০ জন আহত

পটুয়াখালী ব্যুরো অফিস ॥

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ ১০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ইব্রাহিম ফারুক বাউফল আওয়ামী লীগের ‘কাউয়া’ নেতা হিসেবে পরিচিত। তিনি ছাত্রজীবনে ছাত্রদল করেছেন। এর পর করেছেন জাতীয় পার্টি ও বিএনপি। আ স ম ফিরোজ জাতীয় সংসদের চিফ হুইপ হবার পর ইব্রাহিম ফারুক আওয়ামী লীগে আশ্রয় নেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রিকশাস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক ভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর প্রতিবাদে রোববার রাতে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে ৭ নম্বর ওয়ার্ডের রিকশাস্ট্যান্ডে তাদের সঙ্গে স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকসহ ছয়জন আহত হন। এ সময় পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত পক্ষের চারজন আহত হন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সূত্র জানায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।