• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অন্ধ ও বধির: জাফরুল্লাহ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
বিএনপি অন্ধ ও বধির: জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই। প্রধানমন্ত্রী বড় একা। আর বিএনপির অনেক বড় নেতা থাকলেও তারা বধির ও অন্ধ হয়ে গেছেন।’ স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা দিবসের ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ২০ দল শরিক জাতীয় পার্টি (জাফর) আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার একের পর এক ভুল করে গেলেও বিএনপির নেতারা শুধু দেখেই যাচ্ছেন, কিছুই করতে পারছেন না। বর্তমানে অফিস-আদালত মাদ্রাসা-মক্তব সব খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। কারণ সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে- বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিলে সরকার পতনের আন্দোলন হতে পারে।

২০ দলীয় জোটের নেতাদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন-আপনারা কী করছেন, আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছেন না কেন? আপনাদের ঘুম কি ভাঙে না, আপনারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? ছাত্রদের আন্দোলন চাঙ্গা হলেই জনগণের অধিকার ফিরে আসবে, মুক্তি পাবেন খালেদা জিয়া। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ইস্যু একটাই—বেগম জিয়ার মুক্তি। কিন্তু আপনারা মেরুদণ্ড সোজা করে মুক্তি চাইতে সাহস পান না। খালেদা জিয়া অসুস্থ, চিকিত্সার জন্য তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। অধিকার আদায় করে নিতে হয়।