• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার হটানোর ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ : ফখরুল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৭:৩৬ অপরাহ্ণ
সরকার হটানোর ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ : ফখরুল

দখিনের সময় ডেস্ক

সরকার হটানোর ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার ব্যাপারে কাজ করছি এবং দলগুলোর সঙ্গে সংলাপের প্রেক্ষিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত গতকাল স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হয়েছে। অতি দ্রুত এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের সামনে, জাতির সামনে আসব।’ রূপরেখায় কী থাকবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলছি যে, এই সরকারকে পদত্যাগ করতে হবে একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। এই সংসদ বাতিল করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাদের নেতৃত্বে নতুন একটা নির্বাচন কমিশন গঠন হবে। তারা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সব ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। এটাই আমাদের প্রধান বিষয়।

গতকাল রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্তসমূহ সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব।