• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়লো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ: যেতে পারবেন না দেশের বাইরে

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২১, ২০:০৫ অপরাহ্ণ
বাড়লো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ: যেতে পারবেন না দেশের বাইরে

দখিনের সময় ডেক্স:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত ও জামিনের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছে সরকার। সোমবার (৮ মার্চ) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত ও জামিনের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন না। দেশে বিশেষায়িত চিকিৎসা নিলে আপত্তি করবে না সরকার। তবে দণ্ডাদেশ মওকুফের আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী।

আগামী ২৪ মার্চ বেগম জিয়ার দ্বিতীয় দফায় ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গত ২ মার্চ দুপুরে খালেদা জিয়ার দণ্ড স্থগিত ও জামিনের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন তার ছোট ভাই শামীম ইসকান্দার। আবেদনের পর স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দেন সচিবের দপ্তরে। আবেদনপত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়েছে তার পরিবার।

মূলত খালেদা জিয়ার পরিবারের পক্ষে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদন আমলে নিয়ে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। প্রথমে ছয় মাসের জামিন দিলেও পরে তা আরো ছয় মাস বাড়ানো হয়। সেই থেকে ১১ মাসের বেশি সময় ধরে নিজ বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে এক বছরের বেশি সময় বন্দিজীবন কাটানোর পর চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের প্রিজন সেলে। গত বছর সারা বিশ্বে মহামারি করোনা ছড়িয়ে পড়লে শর্তসাপেক্ষে সরকার প্রধানের নির্বাহী আদেশে জামিন পান খালেদা জিয়া। প্রায় ২৫ মাস (কারাগার ও বিএসএমএমইউ’র প্রিজন সেল) কারাভোগের পর তিনি ২০২০ সালের ২৫ মার্চ মুক্ত হন। বিএসএমএমইউ প্রিজন সেল থেকে মুক্তির পর গুলশানে নিজের ভাড়া বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।