• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মাঠ গরমের অপচেষ্টা করছে: কাদের

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২১, ১৪:২২ অপরাহ্ণ
বিএনপি মাঠ গরমের অপচেষ্টা করছে: কাদের

স্টাফ রিপোর্টার:

বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়। কোনো যুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। এ  মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। এসময় বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি বলেছিলেন ‘পাগল এবং শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর।’ ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না।

নির্বাচনে জনরায় মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ। বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁক-ডাক নেতাদের ওপর কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র।