• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে সরকার পতনের কথা বলছেন বিএনপি মহাসচিব: কাদের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২, ২১:২৫ অপরাহ্ণ
হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে সরকার পতনের কথা বলছেন বিএনপি মহাসচিব: কাদের

দখিনের সময় ডেস্ক

সরকার পদতাগের যে দাবি বিএনপি জানাচ্ছে তা অলীক স্বপ্ন। দলটির কথায় সরকারের পতন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটি বলছেন। শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকার পতন হবে না।

বিএনপি মহাসচিবের বক্তব্যকে ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন। তারা জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।