• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২২, ০১:২৫ পূর্বাহ্ণ
ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল

দখিনের সময় ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল। গতকাল শনিবার নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।

কাদের বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়া অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে সেতুমন্ত্রী আরও বলেন, এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। বিএনপি রাত-দিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।