• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হরতাল-কারফিউ’ জনস্রোত রুখতে পারবে না : ফখরুল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২২, ২২:২৪ অপরাহ্ণ
‘হরতাল-কারফিউ’ জনস্রোত রুখতে পারবে না : ফখরুল

দখিনের সময় ডেস্ক

‘হরতাল-কারফিউ’ দিয়েও জনস্রোতকে রুখতে পারবে না বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা খুলনায় জনসমাবেশে উপস্থিত হবে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে চলমান সংলাপে অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে পৃথকভাবে সংলাপ করে বিএনপি।

খুলনায় বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ময়মনসিংহ একইভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সমাবেশ ঠেকাতে পারেনি। মানুষ ট্রলারে করে, রিকশায় করে, হেঁটে সমাবেশে জড়ো হয়েছে। তারা গাড়ি বন্ধ করুক আর যাই করুক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেই।

বিএনপির সভা সমাবেশে বাধা দেওয়া হবে না, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো কথা কী তারা রাখতে পেরেছে? পারেনি। কারণ তারা বিশ্বাস করে, যা বলবে, তা পারবো না। উল্টোটা করে। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

‘বিএনপি আরেকটি ১/১১ এর দুঃস্বপ্ন দেখছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‌বিএনপি দুঃস্বপ্ন দেখে না। আমরা দেখি একটি গণতান্ত্রিক বাংলাদেশের, স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার, স্বপ্ন দেখি সত্যিকার অর্থে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার।