• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২, ২১:০২ অপরাহ্ণ
বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

দখিনের সময় ডেস্ক

রাজধানীর বনানী থানার ওসি নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। তার ওপর হামলা হয়েছে উল্লেখ করে মামলার আবেদন করেন তিনি। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন তাবিথ আউয়াল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ মঙ্গলবার দেবেন বলে জানান।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। পাশাপাশি আসামিদের শাস্তি এবং সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদনও জানানো হয়।

ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যাদের আসামি করা হয়েছে- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিদ্যুৎ, গ্যাস ও জালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে বিএনপি।

ওই কর্মসূচি চলাকালে মামলার আসামিদের নেতৃত্বে দুই-তিনশ সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রদক্ষিণ করে। এ সময় মামলার বাদী তাবিথ আউয়াল বনানী থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। পরে কর্মসূচি শেষ হলে বাদীসহ নেতাকর্মীরা যাওয়ার সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়।