• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা,  চুপচাপ জি এম কাদের

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ণ
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা,  চুপচাপ জি এম কাদের
দখিনের সময় ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত গ্রহণে আদালতের ‘অস্থায়ী নিষেধাজ্ঞার’ আওতায় থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের টানা ২৩ দিন ধরে চুপচাপ রয়েছেন। নিষেধাজ্ঞার কারণে ১ নভেম্বর থেকে শুধু দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই নয়, কার্যত রাজনীতিরই বাইরে রয়েছেন জি এম কাদের।
জি এম কাদের দলের বনানী ও কাকরাইল কার্যালয়েও আসছেন না। দলের কোনো কর্মসূচিতেও অংশ নিচ্ছেন না। এমনকি, দলের কেউ মারা গেলে শোকও জানাচ্ছেন না।  দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার একটি মামলায় গত ৩১ অক্টোবর জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক।
নিষেধাজ্ঞা খারিজ চেয়ে জি এম কাদেরের করা আবেদন গত ১৬ নভেম্বর খারিজ করে দেয় আদালত। নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যে জি এম কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘অসত্য’ মামলা প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে ঢাকা ও রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে জাপা। এতে আদালত অবমাননা হয়েছে দাবি করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নতুন আরেকটি মামলা করেছেন জিয়াউল হক মৃধা।