• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু ৬৬, শনাক্তেও রেকর্ড

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১, ১৬:৪০ অপরাহ্ণ
দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু ৬৬, শনাক্তেও রেকর্ড

দখিনের সময় ডেক্স:

মৃত্যু ও শনাক্ত দুদিকেই নতুন রেকর্ড গড়ল করোনাভাইরাস। করোনাভাইরাস সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে মারা গেছেন ৬৬ জন, যা একদিন এ এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ।

গতকাল সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে ছিল সর্বোচ্চ। আজ সংক্রমণ শনাক্ত গত দুদিনকে ছাড়িয়ে গেল। সে হিসেবে টানা তিন দিন ধরে করোনায় সংক্রমণ শনাক্ত ৭ হাজারের বেশি।

করোনাভাইরাসের সংক্রমণ কোনো দেশে নিয়ন্ত্রণে আছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা কিছু নির্দেশক থেকে বোঝা যায়। তার একটি হলো রোগী শনাক্তের হার। টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। এ বছর ফেব্রুয়ারি শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার ৩ শতাংশের নিচে ছিল। দুই মাস পরে গত ১০ মার্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায়। এরপর দৈনিক শনাক্ত বাড়ছেই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।