• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক জাহাজের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১, ০৩:২৩ পূর্বাহ্ণ
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক জাহাজের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবির ঘটনায় ৩৪ জন যাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে জেলার বন্দর থানায় মামলাটি দায়ের করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য।

মামলায় হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা মামালার বিষয়ে জানান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন। এতে হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা সংঘটিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। খুব শিগগিরই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন সৈয়দপুর-মদনগঞ্জের নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি কোস্টার ট্যাংকারের ধাক্কায় সাবিত আল হাসান নামের নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও আটক হয়নি ঘাতক এসকেএল-৩ নামের কোস্টার ট্যাংকার জাহাজটি।