• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে কাল প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ১৫:৩৬ অপরাহ্ণ
নয়াপল্টনে কাল প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি
দখিনের সময় ডেস্ক
দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনে আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশে গণমিছিল করবে দলটি। আজ সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপি কার্যালয়ে পুলিশ নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। ফাইলপত্র, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট, সব অঙ্গ সংগঠনের অফিস ভাঙচুর করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে সরকার। এই সরকারকে জনগণ আর চায় না। ৭ ডিসেম্বরের আচরণ প্রমাণ করে গায়ের জোরে সরকার টিকে থাকার চেষ্টা করছে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
তিনি আরও বলেন, ‘কার্যালয়ে আসতে পেরেছি, কী কী খোয়া গেছে তার তালিকা করছি। তারপর সিদ্ধান্ত নেব কী করব। ১০ ডিসেম্বরে যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি জনসমাগম হয়েছে। তারপর সরকার যদি এটাকে ব্যর্থ বলে তাহলে কিছু বলার নাই। সরকার দিশেহারা, তারা কোনো সময় কী বলবে তা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না। দেশের জনগণও জানে সরকার যা বলে তা করে না।’
দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ১০ তারিখের সমাবেশের লক্ষ্য ছিল মানুষের সামনে বর্তমান সরকারের চরিত্র তুলে ধরা। বিরোধীদল সরকারের একটি অঙ্গ, তাদের নিশ্চিহ্ন করে দিলে রাষ্ট্রব্যবস্থা থাকতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার আতঙ্ক তৈরি করলেও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করবো এবং এই সরকারের বিদায় জানাবো।’