• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা করার রাস্তায় করতে হবে: গয়েশ্বর

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২২, ২০:২০ অপরাহ্ণ
যা করার রাস্তায় করতে হবে: গয়েশ্বর
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন আর ঘরে বসে কেউ প্রোগ্রাম করতে চায় না, আমিও আসতে চাই না।  কারণ মানুষ রাস্তায় নেমে গেছে সুতরাং রাস্তায় যেহেতু মানুষ নেমে গেছে, রাস্তায় যখন ফয়সালা হবে; রাস্তায় নামা ছাড়া যেহেতু বিকল্প পথ নেই সুতরাং যা করার রাস্তায় করতে হবে।
আজ শুক্রবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ‘রিজভী আহমেদ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষপট শীর্ষক’ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিষ্ট এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (রুনেসা)।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ৭ ডিসেম্বর বিএনপির অফিসে যে তাণ্ডব করেছে এটা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে হার মানায়। বিএনপির অফিসের মধ্যে যে পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এতে গ্যাসেই মানুষের মৃত্যু হওয়ার কথা।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সব স্বৈরাচারকে হার মানিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তাই তাদেরকে স্বৈরাচার বলব, নাকি ফ্যাসিবাদী বলব, নাকি কর্তৃত্ববাদী বলব? কোন ভাষায় বললে তাদেরকে জনগণের সামনে তুলে ধরা যায়, বাংলা অভিধানে বা ইংরেজি ডিকশনারিতে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।