• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও তিনটি মামলা সোনারগাঁয়ে, একটিতে প্রধান আসামি হেফাজতের মামুনুল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ০৩:১১ পূর্বাহ্ণ
আরও তিনটি মামলা সোনারগাঁয়ে, একটিতে প্রধান আসামি হেফাজতের মামুনুল

দখিনের সময় ডেক্স ॥

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল হকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। শুক্রবার সোনারগাঁ থানায় করা এসব মামলার মধ্যে একটিতে মামুনুলকে প্রধান আসামি করা হয়েছে। গত শনিবার উপজেলার একটি রিসোর্টে মামুনুল অবরুদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ ব্যক্তিদের ভাঙচুরের ঘটনায় এসব মামলা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে স্থানীয় হেফাজতে ইসলাম ও বিএনপির ১১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে হেফাজতে ইসলাম ও বিএনপির ১১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

অপর মামলাটি দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বাবা শাহ জামাল তোতা। এ মামলায় বিএনপি ও হেফাজতে ইসলামের সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।