• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জাহাজের চালকসহ ৫ জন রিমান্ডে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১৩:১৩ অপরাহ্ণ
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জাহাজের চালকসহ ৫ জন রিমান্ডে

ছবি - সংগৃহীত

দখিনের সময় ডেক্স ॥

নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক কার্গো জাহাজের চালকসহ ৫ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে নৌ পুলিশ।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ূন কবিরের আদালতে শুক্রবার বিকেলে গ্রেপ্তার ১৪ জনকে হাজির করা হয়। এ সময় চালকসহ পাঁচজনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চালকসহ ওই পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, কী কারণে দুর্ঘটনা ঘটল, সেসব তথ্য উদ্‌ঘাটনের লক্ষ্যে জাহাজের গ্রেপ্তারকৃত মাস্টার ওয়াহিদুজ্জামান, চালক মজনু মোল্লা, সুকানি আনোয়ার মল্লিক, গ্রিজার ফারহান মোল্লা ও হৃদয় হাওলাদারকে দুই দিনের পুলিশি রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সুকানি নাজমুল মোল্লা, ডেক অ্যাটেনডেন্ট মো. আবদুল্লাহ, লস্কর রাজিবুল ইসলাম, নূর ইসলাম, মো. সাগর, সাকিব সরদার, মো. আফসার, আলিম শেখ ও বাবুর্চি বাশার শেখ—এই আসামিদের আইনজীবীরা জামিন আবেদন জানালে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে এসকেএল-৩ কার্গো জাহাজের চালকসহ ১৪ জনকে আটক করে কোস্টগার্ড। পরে তাঁদের নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক বাবু লাল বৈদ্যর করা মামলায় নৌ পুলিশ তাঁদের আদালতে হাজির করে।