• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না : ওবায়দুল কাদের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১৫:৩৪ অপরাহ্ণ
আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না : ওবায়দুল কাদের

ফাইল ছবি

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিশৃঙ্খলা চাই না। আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না। যে হাত অস্ত্র নিয়ে আঘাত করতে আসবে, সেই হাত ভেঙে দেব। আগুন নিয়ে আসবে যে হাত, সে হাত পুড়িয়ে দেব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নোয়াখালীর কবিরহাটর জিরো পয়েন্টে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল পাকিস্তানের জয়গান গায়। বিএনপি ঘুমের মধ্যেও পাকিস্তানের স্বপ্ন দেখে। বলে পাকিস্তান আমলে নাকি আমরা ভালো ছিলাম। অথচ পাকিস্তানের মাত্র এক সপ্তাহের টাকা আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট মানে হলো ঐক্যবদ্ধ থাকা। স্মার্ট মানে শৃঙ্খলা মেনে চলা। আজ কবিরহাটে ৫১ টি প্রকল্পের উদ্বোধন করেছি। আপনাদের রসুইঘর পর্যন্ত পাকা করে দেব। যাদের চাকরি দরকার পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করব।
তিনি বলেন, আমি নমিনেশন বাণিজ্য করি না। চাকরি বাণিজ্য করি না। ১৬ বছরে মন্ত্রী কিন্তু ১৬ টাকাও কারো থেকে নেইনি। আপনাদের ভালোবাসায় আমি মন্ত্রী হয়েছি। সব সময় এমন ভালোবাসা পেতে চাই।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।