• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সর্বাত্মক লকডাউনের’ আওতামুক্ত থাকবে গণমাধ্যম, লকডাউনে সবার সহযোগিতা চাই – বেনজীর আহমেদ (আইজিপি)

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১, ১৯:৩১ অপরাহ্ণ
‘সর্বাত্মক লকডাউনের’ আওতামুক্ত থাকবে গণমাধ্যম, লকডাউনে সবার সহযোগিতা চাই – বেনজীর আহমেদ (আইজিপি)

ছবি : পিবিএ

দখিনের সময় ডেক্স ।

আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউনে’ গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অর্থাৎ গণমাধ্যমের কর্মীদের কাজ ও চলাচল অব্যাহত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সর্বাত্মক লকডাউনের ১৩ দফা বিধিনিষেধে গণমাধ্যমের বিষয়ে এই কথা বলা হয়েছে। এবিষয় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার বলেন, সংবাদপত্র এজেন্ট, হকার ও সংবাদপত্র পরিবহনও এই সর্বাত্মক লকডাউনের আওতার বাইরে থাকবে।

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন,আট দিনের সর্বাত্মক লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘মুভমেন্ট পাস’ দিতে বিশেষ অ্যাপ চালু করলেও গণমাধ্যম কর্মীদের এই পাস লাগবে না ।

তিনি আরও বলেন, “লকডাউন পালনে সবার সহযোগিতা চাই। আগামীকাল বুধবার রাস্তাঘাট এবং বাইরে বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না আমরা। আমাদের চাপ প্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করুন। সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তাঁরা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনো আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণেরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’ গাড়ি বের করার বিষয়েও নিরুৎসাহী করে তিনি বলেন, ‘অবশ্যই মুভমেন্ট পাস নেবেন।

পুলিশ জানিয়েছে, নিতান্ত প্রয়োজনে লকডাউনে সাধারণ মানুষের বাসা থেকে বের হতে হলে www.movementpass.police.gov.bd এই ওয়েব ঠিকানায় ঢুকতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ডাউনলোড করে তা প্রিন্ট নিতে হবে। প্রিন্ট কপিটিই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।

এদিকে মুভমেন্ট পাস অ্যাপটি উদ্বোধনের পর ১ লাখ ২৫  হাজার আবেদন জমা পড়েছে প্রথম ঘণ্টায় ।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে ।