• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের আরও এক নেতা গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১, ০১:৪৯ পূর্বাহ্ণ
হেফাজতের আরও এক নেতা গ্রেপ্তার

দখিনের সময় ডেক্স:

বুধবার (১৪/০৪/২০২১) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর নাম সাখাওয়াত হোসেন (৪২)।

আজ সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম হেফাজতের নেতা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে লালবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে রাজধানীতে সহিংস ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ডিবি কার্যালয়ে নিয়ে সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে ৫ মে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে আজ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।