• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ০১:১৯ পূর্বাহ্ণ
চলে গেলেন সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী

দখিনের সময় ডেক্স:

অনেক স্বপ্ন অপূরণ রেখেই চলে গেলেন কবরী। সারাহ বেগম কবরী বাংলার অন্যতম সেরা অভিনেত্রী । ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে, পরিচালকের আসনে। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রথম আলোকে কবরীর ছেলে শাকের চিশতী খবরটি নিশ্চিত করেন।

খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। পরীক্ষার ফল ৫ এপ্রিল দুপুরে হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হলো না।