• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩, ১৪:৪৩ অপরাহ্ণ
পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
দখিনের সময় ডেস্ক:
গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন এবং পাঁচটি পৌরসভার দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
এ সময় খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর পাশাপাশি গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কয়েকজনের পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ধানমন্ডি ৩/এ তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম কেনা ও জমা দেওয়া যাবে। বিক্রি ও জমা দেওয়া চলবে ১২ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।