• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় বড় মার্কেটে আগুন লাগা খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩, ১৭:১২ অপরাহ্ণ
বড় বড় মার্কেটে আগুন লাগা খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

 

দখিনের সময় ডেস্ক:
দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেওয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন ও ব্যথিত। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েক দিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যে, আওয়ামী অবৈধ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।’