• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা দেওয়া হচ্ছে: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩, ২৩:৪৫ অপরাহ্ণ
নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা দেওয়া হচ্ছে: ফখরুল
দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠান মির্জা ফখরুল। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব অবিলম্বে নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে।