• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামা লীগকে স্বীকৃতি দিল আওয়ামী লীগ

দখিনের সময়
প্রকাশিত মে ২০, ২০২৩, ২৩:৫৭ অপরাহ্ণ
ওলামা লীগকে স্বীকৃতি দিল আওয়ামী লীগ
দখিনের সময় ডেস্ক:
প্রতিষ্ঠার ২৯ বছর পর সংগঠন হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি পেল ওলামা লীগ। তবে দলের সহযোগী না সমমনা সংগঠন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত। সেখানে তাদের স্বীকৃতি দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। শনিবার (২০ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা লীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
যদিও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে ওলামা লীগের বিরুদ্ধে। সংগঠনটি পহেলা বৈশাখকে ইসলাম বিরোধী ও অনৈসলামিক আখ্যায়িত করে বিবৃতি দিয়েছিল। শুধু তাই নয়, ২০১৯ সালে বিপিএল নিষিদ্ধ এবং বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলের দাবিও করেছিল সংগঠনটি। এসব ঘটনার জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ক্ষমতাসীনদের। তখন থেকে দূরত্ব বজায় রাখছিল আওয়ামী লীগ।
দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তারা সম্মেলনের মাধ্যমে সংগঠিত হবে। সময় লেগেছে, তবে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। নব্বইয়ের দশকে ওলামা লীগের কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালের পর থেকে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হতে দেখা যায়। এরমধ্যেই বহু ভাগে বিভক্ত হয়ে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে এ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে ওলামা লীগ নামে কোনো সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত তাদের স্বীকৃতি দিচ্ছে ক্ষমতাসীন দলটি।