• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের তাণ্ডবের সব ঘটনায় বিএনপি জড়িত: কাদের

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১, ১৫:০২ অপরাহ্ণ
হেফাজতের তাণ্ডবের সব ঘটনায় বিএনপি জড়িত: কাদের

দখিনের সময় ডেক্স:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনায়ই বিএনপি জড়িত ছিল। শুক্রবার(২৩এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল হিসেবে আ্যখায়িত করেন। সরকার নাকি দেশকে নরকপুরিতে পরিণত করেছে- বিএনপি মহাসচিবের এমন বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে সরকার নয়,জনগণ মনে করে বিএনপির উসকানিতে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে নরকপুরি বানিয়েছিল। মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, সরকার নয়, আন্দোলনের নামে প্রকাশ্যে ও গোপনে বিএনপির আগুন সন্ত্রাসই বর্বরতার নামান্তর।

জনগণের ওপর প্রতিশোধ নিতে বিএনপিই এখন বর্বরতা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা ২০০১ সালে নির্বাচনের পর যেমনি বর্বরতা চালিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। ওবায়দুল কাদের বলেন, জনগণের সহায়তায় সরকার সাম্প্রদায়িক দানবীয় অপশক্তিকে মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্ধকারের অপশক্তির কালো হাত ভেঙে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী দিগন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।