• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ব্যবস্থাকে প্রতীকী দাফন

দখিনের সময়
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৯:১৫ অপরাহ্ণ
নির্বাচনী ব্যবস্থাকে প্রতীকী দাফন
দখিনের সময় ডেস্ক:
‘তিনি কি ইন্তেকাল করেছেন?’ সম্প্রতি শায়েখ চরমোনাইকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন মন্তব্যের প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ঢাকা মহানগর)। প্রতিবাদের অংশ হিসেবে তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রতীকী দাফন করেছে। বুধবার বিকেলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের (কেন্দ্রীয়) সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছেন?’ শায়েখে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সঙ্গে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসির এমন বক্তব্যকে সচেতনমহল পাগলের প্রলাপ বলে অভিহিত করেছেন।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে সিইসিকে পদত্যাগ করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি শরিফুল। অন্যথায় দেশের জনগণ ব্যর্থ ও অযোগ্য সিইসিকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান ছাত্রলীগ বিগত সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসে সকল অর্জনকে ধুলিস্যাৎ করে দিয়েছে। যার বাস্তব প্রমাণ বরিশাল সিটি নির্বাচন। হাজার হাজার বহিরাগত এনে সন্ত্রাসী কায়দায় নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। বাংলাদেশের আদর্শিক রাজনীতি চর্চায় হুমকি হিসেবে কাজ করছে ছাত্রলীগ। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে তাদের রাজনীতি বন্ধ করার দাবি জানান তিনি।