• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য সন্ত্রাস পরিচালনা করছে এনপি: ওবায়দুল কাদের

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৪, ২০২৩, ১৭:২২ অপরাহ্ণ
তথ্য সন্ত্রাস পরিচালনা করছে এনপি: ওবায়দুল কাদের
দখিনের সময় ডেস্ক: 
বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার(১৪ জুলাই) গণমাধ্যমে পাঠোনো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজব সন্ত্রাস কেবল বিএনপির পক্ষেই সম্ভব। বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান সম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। তিনি বলেন, নির্বাচন ভণ্ডুলের কোনো প্রকার অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
তিনি বলেন, বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।