• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মরণ কামড় দেবে: শামীম ওসমান

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩১, ২০২৩, ২৩:০২ অপরাহ্ণ
বিএনপি মরণ কামড় দেবে: শামীম ওসমান
দখিনের সময় ডেস্ক:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপি মরণ কামড় দেবে। এই কামড় দেবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, তারা আন্দোলনের নামে মরণ কামড়ের ষড়যন্ত্র করেছে। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, এখন তাদের একটাই উদ্দেশ্য নির্বাচনকে বন্ধ করে দেওয়া। কারণ তারা জানে তারা নির্বাচনের মাধ্যমে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সামনে সময় ভালো না, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।’
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খানপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। আমাদের তৈরি হতে হবে। দেশের যে কোনো আন্দোলন-সংগ্রামে আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন তাদের মতো করে আমাদেরও লড়তে হবে।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকায় আমি একা ছিলাম, তারপরও তাদের প্রতিহত করেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতারা বেঈমানি করে কিন্তু কর্মীরা কখনো বেঈমানি করে না। কারও কান কথায় না, আমাদের সামনের পরিস্থিতি বিবেচনা করে ত্যাগীদের কমিটিতে জায়গা করে দিতে হবে।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
সম্মেলনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।