
দখিনের সময় ডেস্ক:
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করতে যাচ্ছে। ছাত্রসমাবেশ সফল করতে সকল সাংগঠনিক ইউনিট এবং ছাত্রসমাজকে সাত নির্দেশনা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রসমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ, কলেজ, উপজেলা, পৌর, ইউনিয়ন শাখা নিজ উদ্যোগে (কেন্দ্র ও সংশ্লিষ্ট ইউনিটের সাথে সমন্বয় করে) নিজ-নিজ ইউনিট থেকে ছাত্রলীগের নেতা-কর্মী, ছাত্র-তরুণ- যুবকদের নিয়ে উপস্থিত হবে।
বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ প্রতিটি সাংগঠনিক ইউনিটে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। ইউনিটগুলো যেন সুষ্ঠুভাবে ছাত্রসমাবেশে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করবে। ছাত্রসমাবেশে উপস্থিত ইউনিটগুলোর মধ্য থেকে সেরা ইউনিটকে সাংগঠনিকভাবে পুরস্কৃত করা হবে। একইভাবে কোনো ইউনিট উপযুক্ত অংশগ্রহণ প্রমাণ করতে ব্যর্থ হলে সাংগঠনিক জবাবদিহিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিটি সাংগঠনিক ইউনিট ছাত্রসমাবেশ সফল করতে নিজ ইউনিটে ও তার অধীনস্ত ইউনিটগুলোতে নির্বাহী সভা, বর্ধিত সভা, কর্মী সভার আয়োজন করবে। ছাত্রসমাবেশের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে, শৃঙ্খলা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ পরিহার করার জন্য প্রতিটি ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ছাত্র-তরুণ-যুব সমাজের নিরঙ্কুশ ম্যান্ডেট প্রদান করতে ছাত্রসমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের প্রতিটি ইউনিট দেশব্যাপী একটি জোয়ার তৈরি করবে।সময়ের সেরা, স্মরণকালের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে দলে দলে যোগ দিয়ে শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে বলীয়ান হতে দেশের ছাত্রসমাজ, যুব ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ ছাত্রলীগ।
Post Views: ১২৪