• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরফান সেলিম কারামুক্ত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ণ
ইরফান সেলিম কারামুক্ত

দখিনের সময় ডেক্স:

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।

২৫ অক্টোবর রাতে হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

ওইদিন রাতে এ ঘটনায় জিডি হলেও পরদিন ভোরে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। মামলার পর ইরফানকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া পুরান ঢাকায় তার বাসায় অভিযান চালানো হয়।

বাসায় বিদেশি মদ ও অনুমোদনহীন ওয়াকিটকি রাখায় কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মো. জাহিদকে এক বছরের কারাদন্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমঠু আদালত। রাতেই তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পরে গত বছরের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আ. ন. ম ফয়জুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।