• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির রাস্তায় লাশ খাচ্ছে কুকুর, ছবি ভাইরাল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ১৮:৪৬ অপরাহ্ণ
দিল্লির রাস্তায় লাশ খাচ্ছে কুকুর, ছবি ভাইরাল

দখিনের সময় ডেক্স:

ভারতের দিল্লির রাস্তায় দেখা মিলেছে মর্মান্তিক এক দৃশ্যের। যেটিতে দেখা যাচ্ছে, শ্মশানে সৎকারের অপেক্ষায় রাস্তায় লাইনে থাকা একটি মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এ ছবি ভাইরাল হয়েছে। দিল্লির গাজিয়াবাদের হিন্দোন শ্মশান ঘাটের সামনে ঘটনাটি ঘটে। মৃতদেহে কুকুরের কামড়ানোর সেই ছবি এবং সংবাদ গণমাধ্যমসহ প্রকাশ্যে আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে দিল্লি সরকার।

মৃত ওই ব্যক্তি দিল্লির গাজিয়াবাদ জেলার জজ আদালতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫১ বছর বয়সী ওই ব্যক্তি। পরদিন সকাল ৮টার দিকে মৃতদেহ সৎকারের জন্য গাজিয়াবাদের হিন্দোন শ্মশানে নেওয়া হয়। কিন্তু বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণে তখন শ্মশানের সামনে অনেক লম্বা লাইন। বাধ্য হয়েই অন্য মৃতদেহের মতো ওই ব্যক্তির লাশও রাখা হয় লাইনে। সেখানেই একটি কুকুর তার মরদেহ ছিঁড়ে খাওয়া শুরু করে।

করোনায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। সেই মৃতদেহগুলোর কোনো কোনোটা সৎকার করতে সময় যাচ্ছে প্রায় একদিনের মতো। এ শ্মাশান সে শ্মশানে ঘুরে জায়গা না পেয়ে কেউ কেউ আবার বরফ চাপা দিয়ে ৪৮ ঘণ্টাও বাড়িতে মৃতদেহ রেখে দিচ্ছেন।