• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে’

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ণ
‘জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে’

দখিনের সময় ডেক্স:

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। এ সমস্যা সমাধানে কাজ করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না। এদিকে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। এ কারণে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। তিনি আরো বলেন, যেভাবেই হোক না কেন এ সমস্যা মোকাবিলা করতে হবে। এ সমস্যা আরও প্রকট হওয়ার আগেই কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন।

এর আগে প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বরিশালে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য এক হাজার আইভি স্যালাইন জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।