• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে জেল-জরিমানা!

দখিনের সময়
প্রকাশিত মে ১, ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ণ
ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে জেল-জরিমানা!

দখিনের সময় ডেক্স:

ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়া যাবে না। তা হোক ভারতীয় অথবা অস্ট্রেলিয়ার নাগরিক। ভারত থেকে অস্ট্রেলিয়ান নাগরিকসহ সবার ফেরা নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফিরে আসেন, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং ৩৭ হাজার পাউন্ড জরিমানা হতে পারে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট একটি বিবৃতিতে জানিয়েছেন, সরকার হালকাভাবে এই সিদ্ধান্ত নেয়নি। ”অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্যের সুরক্ষা এবং কোয়ারেন্টিন ব্যবস্থা রক্ষা করা, সেই সঙ্গে কোয়ারেন্টিন সেন্টারগুলোয় কোভিড-১৯ রোগীদের সংখ্যা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।” এই সিদ্ধান্ত আবার ১৫ই মে পর্যালোচনা করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ভারত থেকে অস্ট্রেলিয়ায় আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ধারণা করা হয়, ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।