• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেছন ফিরে তাকানোর সময় নেই : ফখরুল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩, ১৯:৫২ অপরাহ্ণ
পেছন ফিরে তাকানোর সময় নেই : ফখরুল
দখিনের সময় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জীবন দিয়ে লড়াই করছি, পেছন ফিরে তাকানোর সময় নেই। আমাদের অনেক ভাই চলে গেছে, অনেক রক্ত ঝরেছে। আমাদের অনেক মা-বোনের ওপর অত্যাচার করা হয়েছে; অনেক সন্তান পিতৃহারা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক যুব-সমাবেশে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করে যুবদল।

মির্জা ফখরুল বলেন, আপনারা লক্ষ্য করছেন যে ,মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি টিম এসেছিল। এই দলটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো প্রতিনিধি দল নয়। তারা সম্পূর্ণ স্বাধীন দল। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের থিংক ট্যাংক। তাদের পাঠানো হয়েছিল বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ আছে কি না এবং নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বড় কোনো টিম পাঠাবে কি না তা দেখার জন্য। এটাই তাদের উদ্দেশ্য। তারা ৫ দিন বাংলাদেশের রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ এবং নির্বাচন কমিশন সবার সঙ্গে বৈঠক করেছেন। তারা যাওয়ার আগে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা ৫টি সুপারিশ করেছেন। সেখানে প্রধান কথা হচ্ছে- সংলাপ।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, একটা কথা খুব জোর দিয়ে বলতে হবে— এই সরকার শুধু ভোট চোর নয়, তারা অবৈধ সরকার। সারা পৃথিবীকে জানাতে হবে তারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এজন্য আমরা বলেছি, আগে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। পুলিশের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা জানি পুলিশের সবাই খারাপ কাজ করতে চায় না। বেআইনিভাবে কাজ করতে চায় না। এই আওয়ামী লীগ বাধ্য করছে বেআইনিভাবে, আইনের শাসনকে দূরে রেখে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করার জন্য।