• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শফীকে রাষ্ট্রপতি ও বাবুনগরীকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা ছিলো হেফাজতের, রিমান্ডে মামুনুল হক

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ
শফীকে রাষ্ট্রপতি ও বাবুনগরীকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা ছিলো হেফাজতের, রিমান্ডে মামুনুল হক

দখিনের সময় ডেক্স:

মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশের উদ্দেশ্য ছিলো সরকার পতনের মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠন করা। এ আয়োজনে হেফাজতের প্রয়াত নেতা আহমদ শফীকে রাষ্ট্রপতি এবং জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা ছিলো নেতাদের। ২০১৩ সালের নাশকতার মামলায় ঘটনার আট বছর পর রিমান্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হেফাজতের নেতা মামুনুল হক বলে দাবি পুলিশের।

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তি করাসহ ১৩টি অভিযোগ নিয়ে ঢাকাকে অবরোধ করার উদ্দেশ্যে ২০১৩ সালে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম লং মার্চ কর্মসূচি দেয়। এরপর সমাবেশে বিএনপিসহ অনেক রাজনৈতিক নেতা একাত্মতা প্রকাশ করে। এসবের মাধ্যমেই উঠে আসে নাশকতার মাধ্যমে সরকার পতনের পরিকল্পনা।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, শাপলা চত্তর থেকে তারা যদি সেদিন বিতারিত না হত তাহলে হয়তো পরের দিন একটা তালেবান রাষ্ট্রের মতো রাষ্ট্র গঠিত হতো। সে সময় তারা বাবুনগরীকে প্রধানমন্ত্রী এবং আহমদ শফিকে রাষ্ট্রপতি করে সিনিয়র নেতাদের নিয়ে মন্ত্রিপরিষদের উপরের কাঠামোও গঠন করেছিল। এ ঘটনা তদন্তে বাবুনগরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও আসামি করে চার্জশিট দেওয়া হবে বলে জানান সৈয়দ নুরুল ইসলাম।